সৌরভ গাঙ্গুলী, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এবং প্রাক্তন অধিনায়ক, আগামীকাল ১৮ মে, ২০২৫-এ প্রথমবারের মতো বোলপুর-শান্তিনিকেতনে আসছেন। এই সফরটি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বোলপুর পৌরসভার আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের অংশ। বোলপুর স্টেডিয়াম ময়দানে এই অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। পৌরসভা এই ঐতিহাসিক সফরের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং শহরজুড়ে উৎসবের পরিবেশ বিরাজ করছে।
বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ জানিয়েছেন, এই অনুষ্ঠানে মহারাজ সৌরভ গাঙ্গুলী মহাশয়কে বিশেষভাবে সম্মানিত করা হবে এবং তাঁর উপস্থিতিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হবে। এছাড়া, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয় এবং CAB সকল স্তরের প্রায় ৪৮ জন প্রতিনিধি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীর কুমার ঘোষ মহাশয় -সহ বোলপুরের ক্রীড়াপ্রেমী বিশিষ্ট ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও সৌরভকে সম্মাননা দেওয়া হবে।
এই সফরকে কেন্দ্র করে বোলপুরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহের কোনো কমতি নেই। বিশেষ করে নবীন খেলোয়াড়রা “দাদা” সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে কী বার্তা পান, সেদিকে সকলের নজর। শহরে ইতিমধ্যেই সাজসজ্জার কাজ শেষ হয়েছে, এবং পৌরসভা একটি বর্ণাঢ্য ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করতে প্রস্তুত। এই সফর বোলপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হবে।





